রংপুরের পীরগঞ্জ উপজেলায় চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীউল বারী। অতিরিক্ত দায়িত্বের চাপে এসব দপ্তরে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও তাঁর নিজ দপ্তরের পাশাপাশি পীরগঞ্জ উপজেলা পরিষদ, পীরগঞ্জ পৌরসভার প্রশাসক এবং উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, পীরগঞ্জের সাবেক ইউএনও মাহমুদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বদলি হয়ে অন্য কর্মস্থলে যোগদান করলে পদ দুটি শূন্য হয়। পরে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ইউএনও আব্দুল্লাহ আল বাকীউল বারী নিজ দায়িত্বের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
অন্যদিকে, ২০২৪ সালের ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের উপজেলা পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান এবং মেয়রদের অপসারণ করা হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট অধ্যাদেশের আওতায় এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর ফলে পীরগঞ্জ উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসনিক দায়িত্বও ইউএনওর ওপর ন্যস্ত হয়েছে।
ভূমি অফিসে সেবা নিতে আসা এবিএম খালদুন নবী সোহেল অভিযোগ করে বলেন, অনলাইন আইডিতে দায়িত্বপ্রাপ্ত ইউএনও প্রবেশ না করায় তাঁর জমিসংক্রান্ত কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। আরেক সেবাগ্রহীতা আতিয়ার রহমান জানান, জমি নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও দেড় মাসে কাজ শেষ হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন কর্মকর্তার ওপর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব থাকায় প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সেবার মান ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী বলেন, “এ বিষয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই। তবে সরকার দায়িত্ব দিয়েছে, আমি তা পালন করার চেষ্টা করছি।” একাধিক দপ্তরের দায়িত্ব পালনের কারণে সেবাগ্রহীতাদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
The post পীরগঞ্জে চার দপ্তরের দায়িত্বে ইউএনও, সেবা পেতে ভোগান্তির অভিযোগ appeared first on ভোরের চেতনা.
