জামালপুরে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করেও আমানত ফেরত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। গ্রাহকদের দাবি, সমিতিতে প্রায় ১২ হাজার ৫০০ গ্রাহকের আমানত আটকে রয়েছে। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্থ উদ্ধার আন্দোলন কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকদের আমানত উদ্ধারে পাঁচ দফা দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাদারগঞ্জ ও জামালপুর সদর শাখার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার, সমিতির সম্পদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের অর্থ উদ্ধারের স্বার্থে আইনানুগ ব্যবস্থায় আনা এবং অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
এ ছাড়া আমানত ফেরত না পেয়ে মৃত্যুবরণ করা গ্রাহকদের মৃত্যুর বিষয়টি তদন্তে বিবেচনায় নেওয়া এবং অর্থ হারিয়ে স্বাস্থ্যঝুঁকিতে থাকা অসহায় গ্রাহকদের সরকারি খরচে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে অর্থ উদ্ধার আন্দোলন কমিটির সদস্যসচিব আহসান হাবিব রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন কমিটির আহ্বায়ক এ কে এম মজনু সরকার, সদস্য মোশাররফ হোসেন সবুজ, গ্রাহক সাজেদা বেগম, আলতাফুর রহমান, মো. আবু নাসিম, মোজাম্মেল হক, মানিক মিয়া, আবুল হোসেন ও সামিউল বাশার হীরাসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গ্রাহকদের আমানত উদ্ধারে আন্দোলন চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। তাঁদের দাবি, সমিতির বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ফলে অনেক গ্রাহক নিঃস্ব হয়ে পড়েছেন। কেউ কেউ আমানত ফেরত না পেয়ে মৃত্যুবরণ করেছেন বলেও তাঁরা উল্লেখ করেন।
বক্তারা অবিলম্বে গ্রাহকদের আমানত ফেরত দেওয়া, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে অর্থ উদ্ধার আন্দোলন কমিটির নেতারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিমের কাছে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন।
বিআলো/অর্নব