সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সংগঠনটির দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি একেবারে নিখুঁতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত হেনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
হুথি বাহিনী জানিয়েছে, রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগার ‘রাস তানুরা’-তেও হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালির কাছের এই তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র পড়ার পর বিশাল আগুন জ্বলে ওঠে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শোনার কথা জানান এবং তাদের ফোনে জরুরি সতর্কবার্তা চলে আসে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থার মতে, আগুন নিয়ন্ত্রণে আসলেও তেল উত্তোলনে কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। এর আগে সৌদি কর্তৃপক্ষ আকাশে হুথিদের দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছিল।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের সংঘাত বেশ বেড়ে গেছে। এর মধ্যেই ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলা থামানোর জন্য ইরানকে মধ্যস্থতাকারী বানিয়ে হুথিদের ১ বিলিয়ন ডলারের আর্থিক প্রস্তাব দিয়েছে সৌদি আরব। এই বিষয়ে আলোচনা করতেই সম্প্রতি সৌদি প্রতিরক্ষামন্ত্রী ইরান সফর করেছিলেন। একদিকে যখন কূটনৈতিকভাবে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে, ঠিক তখনই এই বড় ধরনের হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: এনডিটিভি
