দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে এসেছেন ১ হাজার ৩৫৬ জন।
সব মিলিয়ে দুই রোগে এক দিনে ১২ জনের মৃত্যু এবং হাসপাতালে নতুন রোগী এসেছে ৩ হাজার ৬০৫ জন। গতকাল রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৩৯ জন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজন মারা যান।
জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪০০ জন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ১৫৩ জন। এ ছাড়া খুলনায় ২৯৭, রাজশাহীতে ২২৪, চট্টগ্রামে ২১৭, বরিশালে ২১১, ময়মনসিংহে ১৫৫ এবং রংপুরে ৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে ডেঙ্গুর পাশাপাশি হামের সংক্রমণ ও মৃত্যুও উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৩ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২২৭। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬২৬, চট্টগ্রামে ২২৫, বরিশালে ১৩৫, সিলেটে ১৩৩, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রংপুরে ৩৯ এবং রাজশাহীতে ৩০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন।
তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন। একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪০০ জন। ডেঙ্গু ও হামের সংক্রমণে একের পর এক মৃত্যু এবং বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে আসার তথ্য জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার পাশাপাশি রোগের বিস্তার রোধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।
বিআলো/অর্নব