রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে এই আগুন লাগে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিকদের কক্ষে কিছু বই-পুস্তকে আগুন ধরে যায়। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়, তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও উৎস অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
জেএইচআর
