দু’ম্যাচ বাকি থাকতেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত করে নিয়েছেন শ্রেয়স আয়ারেরা। তৃতীয় ম্যাচে কিউয়িদের এক রকম উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিংয়ের সুবাদে একপেশে ভাবে ম্যাচ জিতেছে ভারত।
দলের এমন জয়ের পর সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। ক্রিকেটারদের ‘টিম হার্ডল’-র একটি ছবি পোস্ট করেছেন গম্ভীর। তার সঙ্গে শুধু লিখেছেন, ‘স্টে হাম্বল’। অর্থাৎ ক্রিকেটারদের বিনয়ী থাকার, মাটিতে পা রাখার কথা বলেছেন ভারতীয় দলের কোচ।
এমন দাপুটে জয়ের পর অনেক সময় দল এবং খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি চলে আসে। তাতে বিপরীত ফল হয়। নষ্ট হয় ছন্দ। ম্যাচও হারতে হয়। অভিজ্ঞ গম্ভীরের তা অজানা নয়। তিনি গত বছর দেশের মাটিতে এই নিউ জ়িল্যান্ডের কাছেই লজ্জার হারের কথাও নিশ্চিত ভাবে ভোলেননি। সম্ভবত সে কারণেই ক্রিকেটারদের সতর্ক করে দিতে চেয়েছেন। বিনয়ী থাকার পরামর্শ দিয়েছেন। দল যাতে জয়ের ছন্দ না হারায়, তা নিশ্চিত করতে চেয়েছেন কোচ।
