গাজীপুরের কালীগঞ্জে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৬৬০ টাকাসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সোহেল (৩৫) নামে আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় নবীন ছাত্রাবাসের সামনের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলুখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় শামীম আহমেদ সামিউলকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে নগদ ৩ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা তৈরি করে উদ্ধার করা আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার শামীম আহমেদ সামিউল ও পলাতক সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ২৫ এবং জিআর নম্বর ৩০৪। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএ
