চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের শিশু আলী হোসেনকে হত্যার দায়ে মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালত এ রায় দেন।
দণ্ডের পাশাপাশি জাহাঙ্গীরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জাহাঙ্গীর (৪৮) সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ওয়াচ্ছের বাড়ির মৃত আব্দুল হালিমের ছেলে। নিহত আলী হোসেন একই এলাকার আবু তাহেরের ছেলে।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পেলিশ্যার বাজার থেকে কমলা সড়কে ওয়াচ্ছের গো বাড়ির সামনে পাকা রাস্তায় পড়ে যায় আলী হোসেন।
এতে তার দুই কান, নাক ও মাথার পেছনের অংশ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে তাকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারের বিরোধের জেরে শিশুটিকে হত্যার অভিযোগে তার প্রবাসী বাবা আবু তাহের সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
The post সন্দ্বীপে শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
