Published on
:
1 min read
এই সময়, বর্ধমান: পরিশোধিত পানীয় জল মিলবে পূর্ব বর্ধমান জেলার সব সরকারি প্রাথমিক স্কুলে। সরকারি উদ্যোগেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রের খবর। জানা গিয়েছে, স্কুলগুলিতে ঠান্ডা ও পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা করতে ওয়াটার পিউরিফায়ার কাম কুলার বসানো হবে। জেলা সর্বশিক্ষা মিশন ও ব্লক প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যে টেন্ডার ডেকে প্রকল্পের কাজ শুরু করা হয়েছে, যাতে পুজোর ছুটির পরেই এই জল ছাত্রছাত্রীরা পায়।
জানা গিয়েছে, জেলায় প্রায় তিন হাজার সরকারি প্রাথমিক স্কুলে নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা প্রায় আড়াই লক্ষ। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন প্রায় সাড়ে ন'হাজার। বিভিন্ন সময়ে প্রাথমিক স্কুলের পরিকাঠামো নিয়ে অভিযোগ ওঠে।
পানীয় জল নিয়েও বিস্তর অভিযোগ ওঠে। সেই অভিযোগ দূর করতে প্রাথমিক স্কুলগুলিতে ওয়াটার পিউরিফায়ার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বশিক্ষা মিশনের তরফে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে এই প্রকল্পের কাজ করা হচ্ছে। ওয়াটার পিউরিফায়ার মূলত দেওয়ালে ঝোলানো থাকবে।
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, 'অনেক সময়ে পানীয় জল থেকে সংক্রমণের আশঙ্কা থাকে। তা আটকানো যাবে পিউরিফায়ারের জল খেলে। স্বাস্থ্যসম্মত বলে পড়ুয়াদের জন্য এই পরিশোধিত পানীয় জল খুবই জরুরি। এ ছাড়া ঠান্ডা জলের ব্যবস্থা থাকলে গরমে জল বেশি খাবে ছাত্রছাত্রীরা। তাতে শরীরে জলের ঘাটতিও কমবে।' জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও।
