চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় নতুন পৌর পাঠাগারের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ছেংগারচর পৌরসভা কার্যালয়ে ফলক উন্মোচন ও ফিতা কেটে পাঠাগারটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা প্রশাসক বলেন, পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের বই পড়ার আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে জ্ঞানচর্চার সুযোগও আরও বিস্তৃত হবে।
তিনি আরও জানান, চাঁদপুর জেলার প্রতিটি ইউনিয়নের একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা সম্ভব হবে।
পাশাপাশি তাদের জ্ঞান, চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে। জেলা প্রশাসক বলেন, একটি সমাজের মননশীলতা ও জ্ঞানচর্চার বিকাশে পাঠাগারের গুরুত্ব অপরিসীম।
পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের বই পড়ার সুযোগ শিশু-কিশোর ও তরুণদের মানসিক বিকাশে সহায়ক হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মাহমুদা কুলসুম মনি, পৌর প্রশাসনিক কর্মকর্তা শাহ সুফিয়ান খান, প্রকৌশলী মান্নানুল ইসলাম, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, জেলা যুবদলের সহশ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন এবং ক্রীড়া সংগঠক রাজিব মিয়া।
এ ছাড়া পৌরসভার হিসাবরক্ষক সোহরাব হোসেন, প্রধান সহকারী মোহাম্মদ উল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা বলেন, ছেংগারচর পৌর পাঠাগার স্থানীয় মানুষের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি বইকেন্দ্রিক জ্ঞানচর্চার নতুন সুযোগ সৃষ্টি করবে। জেলার প্রতিটি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এ উদ্যোগ আরও বিস্তৃত হবে।
বিআলো/আমিনা