ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। 'মনসামঙ্গল' ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। ইতিমধ্যেই প্রথম প্রোমো শুটের পর প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম ঝলক। প্রোমো দেখে বোঝা যাচ্ছে, বড় মাপে এই ধারাবাহিক তৈরির কথা ভেবেছেন নির্মাতারা। এই ধারাবাহিক দিয়েই দিতিপ্রিয়ার ছোটপর্দায় কামব্যাকও হতে চলেছে ।
আনন্দবাজার ডট কমের তরফে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘শুধু লুক সেট করেছি। শুটিং এখনও শুরু হয়নি। এটা জানি যে, এই গল্পটা অন্যান্য গল্পর থেকে একেবারেই আলাদা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে মা মনসার নেতিবাচক দিকটাই দেখেছি। তাঁর ভাল দিকটা এবার এই ধারবাহিকের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।’’
'মনসামঙ্গল' ধারাবাহিকে দিতিপ্রিয়ার লুক। ছবি: সংগৃহীত।
এই চরিত্র দিয়েই ধারাবাহিকে ফেরার কথা ভেবেছেন দিতিপ্রিয়া। এ প্রসঙ্গে নায়িকার মত, ‘‘ এই মুহূর্তে এই ধরনের কোনও ধারাবাহিক চলছে না। তাই মনে হল, এই চরিত্রটি অন্য রকম হবে। আপাতত প্রথম ঝলকের শুটিং করেছি। এর পর অভিনয় করতে করতে চরিত্রের আরও বেশি গভীরে ঢোকার সুযোগ পাব।’’
এর আগে 'করুণাময়ী রানী রাসমণি'-তে রানির চরিত্রে বিপুল সাড়া পেয়েছিলেন তিনি। এই ধারাবাহিক শেষের পর অনেকখানি সময় ছোট পর্দা থেকে দূরে ছিলেন দিতিপ্রিয়া। বড় পর্দা এবং সিরিজ়ের কাজে মূলত জোর দিয়েছিলেন তিনি। প্রায় তিন বছর পর তিনি ধারাবাহিকে ফেরেন। রোম্যান্টিক ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন জিতু কমলের সঙ্গে। এর পর ধারাবাহিকের সহ-অভিনেতার সঙ্গে নানা সমস্যা এবং মতবিরোধ হওয়ায় সেই ধারাবাহিক মাঝপথেই ছেড়েছিলেন তিনি। এ বার ফের স্টার জলসার ধারাবাহিকেই ফিরছেন তিনি। দেবী মনসার মাহাত্ম্য নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক 'মনসামঙ্গল'। আর সেখানেই নাম ভূমিকায় থাকছেন দিতিপ্রিয়া। একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে তাঁকে। প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রথম ঝলকও।
দিতিপ্রিয়ার নতুন সফর। ছবি: সংগৃহীত।
এই চরিত্রটির বিষয়ে কথা বলতে গিয়ে নায়িকা বলেন, ‘‘আমাদের গল্প কেমন হবে আর কীভাবে চরিত্রটা আমাকে তৈরি করতে দেওয়া হবে, তার উপর নির্ভর করছে পুরোটাই। আমি সেই অনুযায়ী এগোবো। ‘মনসামঙ্গল’-এর গল্প তো আমরা সবাই জানি। ‘লুক’ সেটে আমরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম, শেষ পর্যন্ত এই ‘লুক’ চূড়ান্ত করা হয়েছে। যেমন একটি গল্পের পিছনে আরও বড় একটা গল্প থাকে, ঠিক সেই রকমই। তাই আমি এই চরিত্রের মাধ্যমে মনসার জীবনের অজানা গল্প তুলে ধরব।’’
