চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর।
মেয়াদোত্তীর্ণ মেয়রকে পুনরায় প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে বেআইনি ও জনআকাঙ্ক্ষার পরিপন্থী দাবি করে এ সিদ্ধান্তের জন্য সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহানগর সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের চকবাজারের আলী প্লাজায় এনসিপির মহানগর কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আরিফ মঈনুদ্দিন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়রের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। মেয়াদোত্তীর্ণ একজন ব্যক্তিকে পুনরায় চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক এবং জনআকাঙ্ক্ষার পরিপন্থী। এমন অগণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।
তিনি অবিলম্বে এ নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রামবাসীর ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চসিকের প্রশাসক পদে এ নিয়োগ অবিলম্বে পুনর্বিবেচনা করা না হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় নেতৃবৃন্দ সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক সংকট ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে সেগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
