সিলেটের মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখার ভবনের নিচতলার বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক ভবনের বারান্দায় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। মুহূর্তেই বারান্দায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়নি। ব্যাংকটির কার্যালয় ভবনটির দোতলায়। নিচতলায় থাকেন ভবনের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার)। ওই তলার বারান্দায় কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় ভবনের কেয়ারটেকার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
