প্রথমবারের মত ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের আসর বসতে যাচ্ছে লন্ডনে। ৭০তম এ জমকালো অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার থিয়েরি অঁরি ও ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক কেট স্কট।
এরইমধ্যে ব্যালন ডি’অরের ওয়েবসাইটে উপস্থাপক হিসেবে অঁরি ও স্কটের নাম ঘোষণা করেছে আয়োজক ফ্রান্স ফুটবল ও উয়েফা।
সোমবার (২৬ অক্টোবর) লন্ডন প্যালাডিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
অঁরি ২০০৩ সালে ব্যালন ডি’অরের ভোটে দ্বিতীয় হয়েছিলেন। ক্যারিয়ারে মোট নয়বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।
১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৯ সালে বার্সেলোনার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগও জেতেন সাবেক এই ফরোয়ার্ড।
তবে ক্লাব ক্যারিয়ারের সেরা সময় অঁরি পার করেছেন লন্ডনেই। উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালের হয়ে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। ২০০৩-০৪ মৌসুমে ‘ইনভিন্সিবল’ (অপরাজিত চ্যাম্পিয়ন) আর্সেনালের অপরিহার্য সদস্য ছিলেন।
অন্যদিকে, কেট স্কট আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক। যুক্তরাষ্ট্রের সিবিএস স্পোর্টসে চ্যাম্পিয়নস লিগের অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। সেখানে অঁরির সঙ্গে নিয়মিত কাজ করেন।
এবারের ব্যালন ডি’অর আয়োজনের বিশেষত্ব হলো, পুরস্কারটির ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠানটি ফ্রান্সের রাজধানী প্যারিসের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে এবারের আসরের জন্য লন্ডনকে বেছে নেওয়া হয়েছে।
