Published : 27 Oct 2026, 09:23 PM
Updated : 27 Oct 2026, 09:23 PM
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে ঘটনা তদন্তে কমিটি করেছে দলটি।
দুই সদস্যের এ কমিটিতে রয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবেন তারা।
মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের বৈঠকে কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। জামায়াতের আমির শফিকুর রহমান এ বৈঠকে ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কিনা, তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়।”
গত শনিবার পিরোজপুরে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় সম্মান জানানো এবং দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ তোলেন স্বজনরা।
পরে পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় মরদেহ সরিয়ে নেওয়া হয় পুলিশ লাইনসে। সেখানে বিকাল ৫টার দিকে গার্ড অব অনার শেষে নিরাপত্তায় মরদেহ ঘিরে রাখা হয়। এরপর রাত ২টায় পুলিশ পাহারায় নিজ গ্রামে পশারীকে দাফন করা হয়। তবে বাধার কারণে প্রয়াতের নারী স্বজনদের কবর খুঁড়তে বাধ্য হন বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন-
দাফনে বাধার পরিণতি তারা ভোগ করবে: উপদেষ্টা জাহেদ
মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ: প্রতিবাদে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমাবেশ
‘জামায়াতের বাধা’: সাঈদীর মামলার সাক্ষীর লাশ ১৫ ঘণ্টা পর পুলিশ প্রহরায় দাফন
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
এনসিপি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে: আব্দুল কাদের
পুলিশের প্রহরায় মুক্তিযোদ্ধার দাফন ধর্মীয় মূল্যবোধের ‘চরম পরিপন্থি’: জি এম কাদের
