চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ছোট্ট গ্রাম টিকোইল। এ গ্রামের সাধারণ মাটির বাড়িগুলোর ভিড়ে সহজেই সবার নজর কাড়ে দেখন বর্মণের বাড়িটি। এ বাড়ির ভেতর-বাইরের প্রতিটি দেয়াল যেন একেকটি জীবন্ত ক্যানভাস। লাল মাটি, খড়িমাটি আর প্রাকৃতিক রঙের তুলিতে এই গৃহিণী নিজের বাড়ির দেয়ালে ফুটিয়ে তুলেছেন আবহমান বাংলার ঐতিহ্য ও নান্দনিক নকশা। ইট-পাথরের যান্ত্রিকতার বাইরে গ্রামীণ এক নারীর নিপুণ হাতে সাজানো অপরূপ এই শিল্পকর্মের গুণেই টিকোইল রূপ নিয়েছে আকর্ষণীয় পর্যটন গন্তব্যে।
Published : 27 Oct 2026, 10:29 AM
Updated : 27 Oct 2026, 10:29 AM
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টিকোইল গ্রামে অবস্থিত দেখন বর্মণের বাড়ি। সাধারণ মাটির বাড়ি হলেও এর দেয়ালে আঁকা নজরকাড়া আলপনা সহজেই দর্শনার্থীদের মুগ্ধ করে। ছবি: শামছুল হক রিপন
কোনো কৃত্রিম বা রাসায়নিক রং নয়; বরং লাল মাটি, খড়িমাটি আর নানা প্রাকৃতিক উপাদানের মিশ্রণ দিয়ে দেখন বর্মণ নিজেই রাঙিয়ে তুলেছেন তার বসতবাড়ি। ছবি: শামছুল হক রিপন
মাটির দেয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে পরম যত্নে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লতাপাতা ও ফুলেল নকশা ফুটিয়ে তুলেছেন এই নিপুণ শিল্পী। ছবি: শামছুল হক রিপন
কেবল বাড়ির বাইরের অংশই নয়; দেখন বর্মণের বাড়ির ভেতরের দেয়াল, বারান্দা এবং উঠানের চারপাশও সাজানো হয়েছে রঙিন গ্রামীণ আলপনায়। ছবি: শামছুল হক রিপন
বংশপরম্পরায় চলে আসা এ আলপনা আঁকার ঐতিহ্য টিকোইল গ্রামের গৃহিণীরা এখনও সযত্নে লালন করে চলেছেন, যার অন্যতম নিদর্শন দেখন বর্মণের এই বাড়ি। ছবি: শামছুল হক রিপন
দৈনন্দিন গৃহস্থালির নানা কাজের ফাঁকে অপরিসীম ধৈর্য ও ভালোবাসায় দেখন বর্মণ বছরের পর বছর ধরে তার বাড়ির এই নান্দনিক সৌন্দর্য ধরে রেখেছেন। ছবি: শামছুল হক রিপন
সাধারণত পূজা-পার্বণ বা বিশেষ উৎসবকে কেন্দ্র করে মাটির প্রলেপ দিয়ে নতুন করে আলপনায় সাজিয়ে তোলা হয় পুরো বাড়ি, যা উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেয়। ছবি: শামছুল হক রিপন
মাটির দেয়ালের ওপর আঁকা এই গ্রামীণ মোটিফগুলো যেন প্রকৃতি আর মানুষের সৃষ্টিশীলতার এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে। ছবি: শামছুল হক রিপন
গ্রামীণ লোকজ শিল্পের এই অনন্য দৃষ্টান্ত বাংলার হারিয়ে যেতে বসা গ্রামীণ স্থাপত্য ও শিল্প সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। ছবি: শামছুল হক রিপন
দেখন বর্মণ তার মাটির বাড়ির দেয়ালে তুলির আঁচড়ে আলপনার মাঝে ফুটিয়ে তুলেছেন মুক্তিযুদ্ধের স্মারক জাতীয় স্মৃতিসৌধ এবং তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ইলা মিত্রের ছবি। ছবি: শামছুল হক রিপন
