রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৯ হাজার ১০ টাকাসহ মো. নাসিরুল বিশ্বাস (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসিরুল আলোকদিয়া গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোঃ কাঞ্চন মিয়ার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ডাঙ্গাহাতিমোহন এলাকায় এক নারীর রান্নাঘরের ভেতরে কয়েকজন ইয়াবা কেনাবেচা করছেন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে নাসিরুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তল্লাশি চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৯ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার ৩০০ টাকা।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার এসআই সুকদেব কুমার বিশ্বাসকে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
জেএইচআর
