নাচোলে স্থানীয়দের সহায়তায় ১৮ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। সোমবার খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জব্দ করা গাড়ির চালক জানান, তিনি তৌফিকের ডিলারশিপ থেকে এ সার নিয়ে যাচ্ছিলেন। তবে ডিলার তৌফিকের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন তিনি কিছু জানেন না। চিকিৎসার জন্য গত দুদিন ধরে রাজশাহীতে অবস্থান করছেন।
জানা যায়, জব্দ করা সারের মধ্যে ৯ বস্তা ডিএপি ও ৯ বস্তা এমওপি রয়েছে। খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকার খুচরা সার ডিলার তৌফিকের ডিলারশিপ থেকে এ সার অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় জনগণ সারবোঝাই গাড়িটি আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও প্রিয়াংকা দাস, কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান। পরে গাড়িতে থাকা ১৮ বস্তা সার জব্দ করেন ইউএনও। কৃষি কর্মকর্তা সালেহ্ আকরাম জানান, ইউএনও প্রিয়াংকা দাসের নির্দেশনা অনুযায়ী জব্দ করা ১৮ বস্তা সার বিধিমোতাবেক বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।