কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. ইমরান (৩৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তিনটি ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়রা বলেন, মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে মো. ইমরান (৩৮) গতকাল সোমবার সন্ধ্যায় প্যারাভাঙ্গা গ্রামের আবুল কালামের ছুরিকাঘাতে নিহত হন। আবুল কালামের কাছে ইমরানের দুই হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা আনতে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তিনি।
এরপর আবুল কালামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ইমরান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইমরান হত্যার প্রতিবাদে আজ সকাল ১১টার দিকে শহরের বিশ্বরোডের নতুন জেলখানা মোড় এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী ও তার স্বজনরা। তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে।
মানববন্ধন শেষে দুপুরের দিকে প্যারাভাঙ্গা গ্রামে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি ঘর পুড়ে যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া বলেন, হত্যাকাণ্ডে এখনও মামলা হয়নি। আজ সকালে নিহত ইমরানের পক্ষের লোকজন জেলখানা মোড় এলাকায় মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে বাড়ি ফিরে যায়। এর ঘণ্টাখানেক পর অভিযুক্ত আবুল কালামের বাড়িতে অগ্নিসংযোগের খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে হত্যাকাণ্ডে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
