স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রেইজিং ডে-২০২৬ উদ্যাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সকাল ১০টা ৫০ মিনিটে পুলিশ লাইন্সে পৌঁছালে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা কমিশনারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার পুলিশ পতাকা ও এসএমপির পতাকা উত্তোলন করেন। এসময় পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি আনন্দ র্যালি বের করা হয়।
সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সভায় এসএমপির কার্যক্রম ও সাফল্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে পুনাক, এসএমপি, সিলেট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তব্যে পুলিশ কমিশনার আতিয়া মহলের ঘটনায় বোমা হামলায় নিহত দুই পুলিশ ইন্সপেক্টরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা, টিমওয়ার্ক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসএমপির কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে হবে। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর; অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি; অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুনাকের সদস্য, পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
