মাগুরার শালিখায় পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের সঙ্গে সংঘর্ষে মাসুদ রানা (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ভাই ও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে মাসুদ রানার সঙ্গে তার বড় ভাই সিদ্দিকের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় একই গ্রামে বসবাসকারী সিদ্দিকের শ্বশুর নূর আলী (৬০) ও চাচা শ্বশুর আখের আলী (৫৫) ঘটনাস্থলে আসেন। পরে তাদের সঙ্গেও মাসুদ রানার কথা-কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে সিদ্দিকের স্ত্রী কাকলি (৩৫), মাসুদ রানার ছোট ভাইয়ের স্ত্রী সেতু (২৫), নূর আলী ও আখের আলী বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে মাসুদ রানাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রীসহ আরও কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে নাঘোসা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে সিদ্দিকের স্ত্রী কাকলি ও তার ছোট ভাইয়ের স্ত্রী সেতুকে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ভাইয়ের সঙ্গে সংঘর্ষে অন্য ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
