আজকাল ওয়েবডেস্ক: অনলাইনে কেনা জিনিস ফেরত দিয়ে রিফান্ড চাইতে গিয়েও বড়সড় বিপত্তির মুখে পড়লেন বেঙ্গালুরুর এক বাসিন্দা। সাইবার জালিয়াতির শিকার হলেন ৫৬ বছর বয়সি এক গৃহবধূ। প্রতারকদের খপ্পরে পড়ে হারালেন প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ওই গৃহবধূর নাম শ্রীলক্ষ্মী শাস্ত্রী। তিনি বেঙ্গালুরুর বসন্ত নগর এলাকার বাসিন্দা। গত ১৭ অক্টোবর তিনি 'ব্লিঙ্কইট' অ্যাপের মাধ্যমে দইয়ের প্যাকেট অর্ডার করেছিলেন। কিন্তু বাড়িতে ডেলিভারির পর তিনি দেখেন যে দইয়ের প্যাকেটটি লিক করছে। প্যাকেট আগে থেকেই ফেটে গিয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ জানানোর জন্য তিনি কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন। গুগলে কাস্টমার কেয়ারের নম্বর খুঁজতে গিয়ে সার্চ রেজাল্টে আসা একটি নম্বরে ফোন করেন।
ফোনে কথোপকথনের সময় প্রতারকেরা তাঁকে একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাঠায়। সেখানে দইয়ের প্যাকেটের ফাটা বা লিকেজ অংশটির ছবি আপলোড করতে বলা হয়। সেই নির্দেশ মতো ছবি আপলোড করার পরই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ফোন করে রিফান্ড প্রসেস করার আশ্বাস দেয়। একইসঙ্গে তাঁকে গুগল পে অ্যাপ চেক করতে বলা হয়। তবে ফোন চেক করতে গিয়ে তিনি দেখেন যে, তাঁর ফোন থেকে গুগল পে অ্যাপের আইকনটিই উধাও হয়ে গিয়েছে। পরে তিনি জানতে পারেন যে, ব্যাঙ্ক অফ বরোদায় থাকা তাঁর অ্যাকাউন্ট থেকে ৯৮,০০০ টাকা কেটে নেওয়া হয়েছে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপর অবিলম্বে পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন শাস্ত্রী।
ঘটনার তদন্তে নেমে বেঙ্গালুরুর সেন্ট্রাল সিইএন ক্রাইম পুলিশ স্টেশন ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।
পুলিশের তরফে গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে, অনলাইন সার্চ করে পাওয়া কোনও অপরিচিত কাস্টমার কেয়ার নম্বরে ফোন করবেন না। যেকোনও অভিযোগ বা রিফান্ডের জন্য সবসময় সংশ্লিষ্ট কোম্পানির অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। অপরিচিত কোনও ব্যক্তির পাঠানো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। ওটিপি (OTP), ইউপিআই পিন (UPI PIN) বা ব্যাঙ্কের কোনও গোপনীয় তথ্য অজানা কলারদের সঙ্গে শেয়ার করবেন না। যদি কেউ সাইবার জালিয়াতির শিকার হন, তবে অবিলম্বে নিজের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন এবং জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ ফোন করে অথবা অফিশিয়াল পোর্টালে গিয়ে দ্রুত অভিযোগ জানান।
