মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন মালিকদের জন্য বকেয়া কর ও ফি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কোনো ধরনের জরিমানা ছাড়া কেবল মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরিমানা ছাড়া মূল কর ও ফি দিয়ে সব ধরনের যানবাহনের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, এটিই শেষ সুযোগ। নির্ধারিত সময়ের পর আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাই জরিমানা এড়াতে বৃহস্পতিবারের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের সব ধরনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নিতে যানবাহন মালিক ও চালকদের অনুরোধ জানানো হয়েছে।
জেএইচআর
