পার্কিং অব্যবস্থাপনার দায়ে ২০ লাখ টাকা জরিমানা গুনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন ইবনে সিনা হাসপাতালের প্রতিনিধিরা। বৈঠকে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণ ও সংশ্লিষ্ট নিয়মকানুন মেনে চলার আশ্বাস দিয়েছেন তারা।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বৈঠকটিকে সৌহার্দ্যপূর্ণ বলে উল্লেখ করেছেন।
চট্টগ্রাম মহানগরীতে হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন, পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিকল্পিত নগর উন্নয়ন নিশ্চিত করতে সিডিএর চলমান উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করা এবং রোগী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইবনে সিনার প্রতিনিধিরা ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণের পাশাপাশি প্রযোজ্য নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করেন। ভবন নির্মাণ ও পার্কিং ব্যবস্থাপনায় বিধিবিধান অনুসরণের মাধ্যমে নগরীর যানজট কমাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়টিও আলোচনায় আসে।
সিডিএ চেয়ারম্যান বলেন, নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা জরুরি। হাসপাতালগুলোতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকলে রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিডিএর উদ্যোগ অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধানকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে বিধিবিধান অনুসরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রমও চলবে।
বেলায়েত হোসেন বলেন, পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে যাওয়া সম্ভব। নগরীর উন্নয়ন ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
The post ২০ লাখের মাশুল গুনে ‘মন গলাতে’ সিডিএতে ইবনে সিনা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
