ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল নিষ্পত্তিসহ নির্ধারিত আইনগত প্রক্রিয়া শেষে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হলে তাঁকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।
এর আগে মিরপুরে রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে দলীয় সিদ্ধান্তে এ আসনে মনোনয়ন দেওয়া হয়।
