নওগাঁর বদলগাছীতে এক রাজমিস্ত্রির পথ আটকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন- হাটশাপিলা এলাকার মো. সিয়াম (১৮) ও মো. রহিত (১৮)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হুমায়ন কবির বদলগাছীর আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। পেশায় রাজমিস্ত্রি হুমায়ুন সোমবার বিকেলে পাহাড়পুর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য মথুরাপুরের জাবারীপুর হাটে যান। সেখানে সিয়াম ও রহিত বিভিন্ন তালবাহানা করে কৌশলে তাকে হাটশাপিলা এলাকায় নিয়ে যান এবং তাদের আরও কয়েকজন সহযোগীকে ডেকে নেন।
একপর্যায়ে হুমায়ুনকে রাস্তার পাশে নিয়ে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল ও সঙ্গে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় চক্রটি তার কাছে আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে টাকা দেওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে বেরিয়ে বাজারে এসে তিনি চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসেন এবং তাকে থানায় নিয়ে যান।
ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, আসামিরা তার হাত-পায়ে মারধর করেছেন এবং কোনোমতে সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসেন।
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে ছয় ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এই ঘটনার সাথে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
