লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি-লাথি মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা শাহেদ ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতালের ভেতরে এমন হামলার ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার দিয়ে আঘাত করার পাশাপাশি এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হচ্ছে। এতে তিনি রক্তাক্ত হন। আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইল ফোন কেনাবেচা নিয়ে রোববার বিকেলে শাহেদ ও জুয়েলের মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। পরে চিকিৎসা নিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যান জুয়েল।
অভিযোগ অনুযায়ী, শাহেদ তার অনুসারীদের নিয়ে হাসপাতালের সামনে জুয়েলকে মারধর করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল জরুরি বিভাগে ঢুকে পড়লে হামলাকারীরা সেখানেও তার পিছু নেন। পরে জরুরি বিভাগের ভেতরেই তাকে চেয়ার দিয়ে পেটানোসহ এলোপাতাড়ি মারধর করা হয়।
অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে তার কোনো পদ-পদবি নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, হাসপাতালের ভেতরে ঢুকে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। হামলার পুরো চিত্র হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরাও আতঙ্কে রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক পিটুনি, ভিডিও ভাইরাল appeared first on ভোরের চেতনা.
