এবার সিনেমায় নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা। শরিফুল রাজের নায়িকা হয়ে অভিনয় করতে যাচ্ছেন। আগামী মাসে শুরু হবে এ সিনেমার শুটিং। এটি পরিচালনা করবেন রায়হান রাফি। প্রেমের গল্পের এই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আগামী ঈদে। রায়হান রাফির সিনেমায় অভিনয়ের বিষয়ে বর্ণিতা বলেন, ‘আমি রাফি স্যারের একটি সিনেমায় কাজ করছি। তবে এখনই বিস্তারিত বলতে পারছি না। স্যার সামনে দুটি সিনেমার পরিকল্পনা করছেন। কোনটিতে কাজ করব, তা এখনও জানি না। বেশ কয়েক দিন ধরে কাজের রিহার্সাল করছি। তবে তিনি এখনও বিস্তারিত কিছু জানাননি।’ নতুন সিনেমার কাজ নিয়ে শরিফুল রাজ বলেন, ‘আমি তো বেশ কয়েকটি কাজের মধ্যে আছি। যে নির্মাতা আগে শুটিং শুরু করবেন, তার কাজই আগে শুরু করব। অপেক্ষায় আছি।’ রাফির টিম সূত্রে জানা গেছে, শরিফুল রাজ ও বিদুষী বর্ণিতাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে প্রেমের গল্পের সিনেমাটি। আগামী ঈদকে সামনে রেখে নির্মিতব্য এই সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।
মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়ে হাতেখড়ি বর্ণিতার। পরে নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে একটা সময় অভিনয় থেকে দূরে সরে যান। প্রায় ১০ বছরের বিরতি শেষে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। সর্বশেষ শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ণিতা। আইস্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২৯ অক্টোবর।
