Published on
:
1 min read
হর্ষবর্ধন নেওটিয়া, চেয়ারম্যান, অম্বুজা নেওটিয়া গ্রুপ
‘যোগেনদার একটা অসাধারণ ক্ষমতা ছিল। কয়েকটা রেখার মাধ্যমেই তিনি মানুষের জীবনের গভীর অনুভূতিগুলো ফুটিয়ে তুলতে পারতেন। যা প্রায় অসম্ভব মনে হতো।
কোনও মুখ, অঙ্গভঙ্গি বা শরীরের ভঙ্গির মধ্যে দিয়ে তিনি এমন কিছু অনুভূতি প্রকাশ করতেন, যেগুলো আমরা নিজেরাও অনুভব করি, কিন্তু অনেক সময়ে ভাষায় প্রকাশ করতে পারি না। একজন শিল্পীর পক্ষেই যা তাঁর শিল্পের মাধ্যমে প্রকাশ করা সম্ভব।
বাংলার মাটির সঙ্গে গভীর ভাবে জড়িয়ে থেকেও ওঁর শিল্প আমাদের প্রত্যেকের মনের কথা বলত। ওঁর কাজ দেখে মনে হতো এ যেন আমাদেরই জীবনের একটা অংশ। আমাদের জীবন থেকে নেওয়া কোনও অনুপ্রেরণা। ওঁর চলে যাওয়া গভীর দুঃখের। খবরটা পেয়ে খুব খারাপ লাগছে।
আমার বিশ্বাস, আগামী দিনে আমরা ওঁর কাজের কাছে আরও বেশি কৃতজ্ঞতা নিয়ে ফিরে আসব। উনি যে ভাবে মানুষের জীবনকে এত কাছ থেকে দেখেছেন এবং আমাদের নতুন করে দেখতে শিখিয়েছেন, তার জন্য। যোগেনদা ওঁর কাজের মাধ্যমে আমাদের মধ্যে থেকে যাবেন। আসাধারণ শিল্পী হিসেবে, ভালো মানুষ হিসেবে আমরা ওঁকে মনে রাখব। ওঁর পরিবার ও প্রিয়জনদের জানাই আমার আন্তরিক সমবেদনা।’
অনুলিখন: দেবলীনা ঘোষ