পুকুর থেকে উদ্ধার গাড়িছবি:এক্স
Published on
:
1 min read
পুকুরে পড়ে গিয়েছিল গাড়ি। সেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে তিন জন ব্যবসায়ীর দেহ। বন্ধ গাড়ি থেকে তিন জনের দেহ উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্য। উত্তরপ্রদেশের সীতাপুর জেলার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কমলাপুর থানা এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে গাড়িটি। ওই গাড়ির মধ্যেই ছিল তিন জনের দেহ।
কমলাপুর থানার আধিকারিক অতুল চৌধুরী জানিয়েছেন, সোমবার গভীর রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন বাসিন্দা। তাঁরাই একটি পুকুরে গাড়ি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে গাড়িটি তুলে দেহগুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃতদের নাম রাজেশ চৌরাসিয়া (৫০),সতীশ কুমার(৪০) এবং রমেন্দ্র (৬২)। রাজেশ এবং সতীশ সিধাউলি এলাকার এবং রমেন্দ্র আতরাউলিয়া এলাকার বাসিন্দা। ওই গাড়ির সামনের সিট থেকে দু'জনের এবং পিছনের সিট থেকে একজনের দেহ পাওয়া যায়। কী কারণে ওই তিন জনের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরেই জানা যাবে। দুর্ঘটনার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলেও প্রাথমিক ভাবে মনে করছেন আধিকারিকরা। তবে সব দিক খতিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন অতুল চৌধুরী।
সূত্রের খবর, রবিবার বাহরাইচ এলাকায় দুর্ঘটনায় আহত হন রাকেশের ছেলে মোহন। সেই কারণে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সোমবার ভোররাতে ছেলেকে দেখতে বেরিয়ে যান রাকেশ। ফেরার পথে বাড়ির লোকজনের সঙ্গে কথাও বলেন তাঁরা। সোমবার সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে যাবেন বলেও জানিয়েছিলেন তাঁরা। তবে সোমবার সন্ধ্যার পর থেকে তাঁদের মোবাইলে ফোন করে কোনও সাড়া পাননি পরিবারের লোকজন। এই নিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করেন তাঁরা।
