প্রতিনিধি, শাবিপ্রবি · ২৭ অক্টোবর, ২০২৬ ৪:২০ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’। কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কয়েকা) বাংলাদেশের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। এতে কোরীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি থাকবে নানা বিনোদনমূলক কার্যক্রম।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী আয়োজনের পর কে-পপ নৃত্য পরিবেশনা এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের তায়কোয়ানডো প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া কোরীয় চলচ্চিত্রবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও কে-পপ নৃত্য অনুকরণ প্রতিযোগিতার আয়োজন থাকছে।
দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে কোরীয় সংস্কৃতিবিষয়ক প্রদর্শনী স্টল ও বিভিন্ন সাংস্কৃতিক খেলায় অংশ নেওয়ার সুযোগ। এ ছাড়া দুর্নীতিবিরোধী অঙ্গীকার গ্রহণ এবং কয়েকা বাংলাদেশ অফিসের সঙ্গে যোগাযোগের সুযোগও রাখা হয়েছে।
আয়োজনের সূচি অনুযায়ী, দুপুরে মধ্যাহ্নবিরতির পর বেলা ২টায় কুইজ প্রতিযোগিতার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে। এরপর বেলা আড়াইটায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী এ আয়োজন।
আয়োজকেরা আশা করছেন, এ অনুষ্ঠানের মাধ্যমে শাবিপ্রবির শিক্ষার্থীরা কোরীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ পাবেন।
গুগলে আমাদের খবর পেতে
