Published on
:
1 min read
এই সময়, খড়্গপুর: কাজে না গিয়ে মোরগ লড়াই করতে গিয়েছিলেন ব্যক্তি। বাড়ি ফিরতেই তা নিয়ে ঝগড়া হয় দিদির ননদের সঙ্গে। ঝগড়া বাড়তে থাকায় পাশে থাকা কাঠের বাটাম তুলে মাথায় আঘাত করে ওই যুবক বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় মহিলার। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে সবং থানা এলাকার পানিথর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কল্পনা সিং (৪৫)। অভিযুক্ত যুবক গোবিন্দ সিংকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, গোবিন্দর আদি বাড়ি ডেবরা থানা এলাকার পাঁচগেড়িয়া গ্রামে। কিন্তু বছর সাতেক তিনি সবংয়ের পানিথরে দিদির বাড়িতে থাকতেন। মদ্যপান ও মোরগ লড়াইয়ের নেশাও ছিল গোবিন্দর। ফলে বাড়ির কাজ ফেলে ছুটতেন মোরগ লড়াই করাতে। তা নিয়ে মাঝেমধ্যে বাড়িতে অশান্তি হতো। একই পরিবারে থাকতেন গোবিন্দর দিদির ননদ তথা বাবলু সিংয়ের স্ত্রী কল্পনাও। কল্পনার স্বামীর মৃত্যুর পরে তিনি বাপের বাড়ি চলে আসেন।
অন্য দিকে, নিজের বাড়ি ছেড়ে গোবিন্দও দিদির বাড়িতে থাকা শুরু করেন। সেই সূত্রে গোবিন্দর সঙ্গে কল্পনার সখ্য তৈরি হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ দিনও কাজ ফেলে মোরগ লড়াই করে বিকেলে বাড়ি ফেরায় কল্পনার সঙ্গে বচসা বাধে। তখনই ক্ষিপ্ত হয়ে পাশে পড়ে থাকা কাঠের বাটাম তুলে কল্পনার মাথায় আঘাত করার অভিযোগ ওঠে গোবিন্দর বিরুদ্ধে।
দ্রুত কল্পনাকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গোবিন্দকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। গোবিন্দ বলেন, 'মাঝে মধ্যেই তো ঝগড়া হতো। আজ রেগে গিয়ে বাটাম দিয়ে মাথায় মারি। মরে যাবে বুঝতে পারিনি।'