
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) আটক আসামীদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রসিকিউশন বিভাগ তাদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। কারাগারে পাঠানো আসামীরা হলেন, গোয়াইনঘাটের গোরাগাও এলাকার মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশীদ (৩৬) ও আব্দুল হামিদ বুলাইয়ের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়ল জানান, আসামীদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সোমবার দিরাই থানার উশনপুর ও নন্দিপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
গোয়াইনঘাট থানার হাদারপার এলাকার বাসিন্দা বদরুল একজন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে যুবদলের রাজনীতির সাথে জড়িত। তিনি একজন ব্যবসায়ীও। গত ১১ অক্টোবর ব্যবসার কাজ শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে গোরাগাও এলাকায় কয়েকজন লোক তার গতিরোধ করে এবং তিনি ও সঙ্গী ছাদেকের উপর হামলা চালায়। হামলায় বদরুল ও তার সঙ্গী মারাত্মক আহত হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বদরুল ও ছাদেককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা (নং ১২/১৩/১০/২৬) দায়ের করা হলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং মামুন ও সুয়াইবুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
