বরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
একই ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চুক্তিভিত্তিক গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খাতুন।
প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পাশাপাশি অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়।
এদিকে ঘুষের অভিযোগের ভিডিও ধারণকে কেন্দ্র করে মিরাজ নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগও ওঠে। এসব অভিযোগ ও সংবাদ প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা আদেশ অনুযায়ী, সানজিদা আক্তার ও সুরাইয়া আক্তারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে চুক্তিভিত্তিক গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিআলো/আমিনা