কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অভিযান চালিয়ে ৯৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৭৭ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে গ্রেফতার ৩৮ জন, পরোয়ানা মূলে ১১৬ জন ও সাজা পরোয়ানা মূলে ২৪ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মাদক বহনকারী ও ৫০ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১৮ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৭টি মাদক মামলা করা হয়।
অভিযানে ১১ হাজার ৬৫২ পিস ইয়াবা, ৩৯ কেজি ৬৭৫ গ্রাম গাজাঁ, ১২৪ লিটার চোলাই মদ, ৮ বোতল বিদেশী মদ, ১৬ ক্যান বিয়ার, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চট্টগ্রামে ১, কুমিল্লায় ৩, চাঁদপুরে ১, নোয়াখালীতে ৩, ফেনীতে ২ ও খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তন্মধ্যে মুচলেকায় ৩৮৬ জনকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ১৮১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রামে ১১০, কক্সবাজারে ১৫, কুমিল্লায় ১৯৭, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১, চাঁদপুরে ৪৬, নোয়াখালীতে ৩৯, ফেনীতে ১২, লক্ষ্মীপুরে ৬৮, রাঙ্গামাটিতে ২০, খাগড়াছড়িতে ৯ এবং বান্দরবানে ১০ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
রিফাত/
