হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. সাদেকিন হাবিব বাপ্পী এ আদেশ দেন।
আখতারুজ্জামানের আইনজীবী আবদুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২ অক্টোবর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সাজিব আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই ঢাকা সেনানিবাসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পরদিন আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৪ অক্টোবর জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদকে মৌখিক লাঞ্ছনা ও হুমকি দেন আখতারুজ্জামান।
এ সময় সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীকেও তিনি মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং বিমানের এক প্রতিনিধির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গত বছরের ডিসেম্বরে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর জামায়াতে ইসলামীতে যোগ দেন আখতারুজ্জামান।
