বাঙালি থেকে অবাঙালির হেঁশেলে প্রেশার কুকারের খাতির কম নয়। ডাল সেদ্ধ করা থেকে শুরু করে ভাত, মাংস, ছোলা বা খিচুড়ি— রান্নাঘরের নানা কাজেই ভরসা এই পাত্র। কিন্তু নতুন প্রেশার কুকার কেনার সময়ে একটি প্রশ্ন অনেকের মনেই আসে, অ্যালুমিনিয়ামের কুকার ভাল, না কি স্টেনলেস স্টিলের? একটির দাম তুলনায় কম, ওজনেও হালকা। অন্যটি দেখতে চকচকে এবং দাম বেশি। কিন্তু শুধু দাম বা বাহ্যিক চেহারা দেখে কুকার বেছে নেওয়া কি ঠিক? রান্নার পাত্রের উপাদান খাবারের সঙ্গে কী ভাবে প্রতিক্রিয়া করে, তা জানা জরুরি। বিশেষ করে প্রতিদিন রান্নায় ব্যবহৃত পাত্রের ক্ষেত্রে নিরাপত্তা ও স্থায়িত্ব— দু’দিকই বিবেচনা করে দেখা উচিত।
অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার। ছবি: সংগৃহীত
কোনটির কী সুবিধা?
বহু বছর ধরেই ভারতীয় রান্নাঘরে অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার জনপ্রিয়। এর প্রধান কারণ, এই ধাতু তাপ দ্রুত পরিবহণ করতে পারে। ফলে কুকার দ্রুত গরম হয় এবং রান্নার কাজেও সুবিধা হয়। এ ছাড়া অ্যালুমিনিয়ামের কুকার সাধারণত হালকা এবং তুলনায় সস্তা। তাই দৈনন্দিন ব্যবহারের জন্য অনেকেই এই ধরনের কুকার বেছে নেন। ফলে রোজ ডাল, ভাত, তরকারির জন্য অ্যালুমিনিয়ামের প্রেশার বেছে নেন অনেকে। অন্য দিকে রয়েছে স্টেনলেস স্টিলের প্রেশার কুকার। এই উপাদানে তৈরি পাত্র সাধারণত ভারী এবং দামও কিছুটা বেশি। তবে এর অন্যতম সুবিধা হল, এটি তুলনায় বেশি টেকসই এবং সহজে ক্ষয়ে যায় না। সাধারণত স্টেনলেস স্টিল খাবারের সঙ্গে খুব কম প্রতিক্রিয়া করে। ফলে টম্যাটো বা তেঁতুল দিয়ে রান্না করা অ্যাসিডিক খাবার তৈরির ক্ষেত্রেও এটি সুবিধাজনক।
স্টিলের প্রেশার কুকার। ছবি: সংগৃহীত
কোনটির কী অসুবিধা?
অ্যালুমিনিয়ামের কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে সাধারণ, প্রলেপহীন অ্যালুমিনিয়াম অ্যাসিডধর্মী খাবারের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। টম্যাটো, তেঁতুল, লেবু বা ভিনিগার দিয়ে রান্না করা খাবার দীর্ঘক্ষণ এই ধরনের পাত্রে রাখলে খাবারে অল্প পরিমাণে অ্যালুমিনিয়াম মিশে যাওয়ার আশঙ্কা থাকে। পাত্রটি পুরনো, ক্ষয়ে যাওয়া অথবা গর্তযুক্ত হলে এই সমস্যা বাড়তে পারে। আর স্টেনলেস স্টিল অ্যালুমিনিয়ামের তুলনায় তাপ ধীর গতিতে পরিবহণ করে। তাই ভাল মানের স্টিলের কুকারে সাধারণত অনেকগুলি স্তর থাকে, যা তাপ সমান ভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। কুকার কেনার সময়ে এই বিষয়টিও খেয়াল রাখা দরকার। না হলে রান্না শেষ হতে অনেকটা বেশি সময় নিয়ে নেবে। তা ছাড়া স্টেনলেস স্টিলের পাত্র একেবারে ত্রুটিমুক্ত নয়, কারণ এর গুণমান, ধাতুর ধরন এবং রান্নার ধরনের উপর নির্ভর করে অনেক সময়ে খুব সামান্য পরিমাণে ধাতব উপাদান খাবারে মিশে যেতে পারে। সে ক্ষেত্রেও ভাল মানের কুকার কিনলেই মুশকিল আসান।
কোন কোন ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের কুকার ভাল?
• রোজের ডাল-ভাত-মাংস রান্না করতে হলে এটি দরকার।
• চটজলদি পাত্র গরম করার প্রয়োজন পড়লেও অ্যালুমিনিয়াম ভাল।
• তুলনামূলক ভাবে পাতলা বলে সুবিধা হয়।
• বাজেট কম থাকলে অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারই ভাল।
কোন কোন ক্ষেত্রে স্টেনলেস স্টিলের কুকার ভাল?
• দাগ, আঁচড় খুব একটা পড়ে না, কারণ ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে।
• ভাল করে রাখলে টেকসই হতে পারে।
• অ্যাসিডিক খাবার রান্না করার সময়ে সুবিধা হয়।
• রোজের রান্নার ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হয় না আদপে।
