জামায়াতে ইসলামীর নেতাদের আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, আর সেই জামায়াতই এখন ফ্যাসিস্টদের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুন।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ চৌমুহনীর একটি হলরুমে পৌর যুবদলের সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহির উদ্দিন হারুন বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ খালেদা জিয়ার সরকারকে এক মাসও ক্ষমতায় থাকতে দিতে চায়নি। জামায়াত-আওয়ামী লীগ ষড়যন্ত্র করে। তখন ১৭৩ দিন হরতাল দিয়ে নানা উপায়ে দেশের ক্ষতি করা হলেও খালেদা জিয়া পাঁচ বছর ক্ষমতায় ছিলেন। এর আগে একটি নির্বাচিত সরকারকে বন্দুকের নলের মুখে বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করে সরিয়ে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ‘বট বাহিনী’ এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয়েছে।
তিনি বলেন, মাত্র আট মাসের সরকারকে সহায়তা করতে হবে। কে কী পেয়েছেন, সেটি বড় কথা নয়।
তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে জহির উদ্দিন হারুন বলেন, সরকার মানুষের কষ্টের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াতে চায়নি। হাজার হাজার মানুষ পাম্পে ভিড় করেছিলেন, দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। সরকার ভর্তুকি দেওয়ার কথা বললেও পরে তেলের দাম বাড়ানো হয়। এরপর আর কোনো পাম্পে ভিড় বা যানজট দেখা যায়নি। এটি ‘বট বাহিনীর’ ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে ফ্যাসিস্টরা ১৭ বছর ধরে মামলা, হামলা, জেল-জুলুম চালিয়ে আমাদের রক্ত নিয়েছে, সেই ফ্যাসিস্টদের সঙ্গে জামায়াত আজ হাত মিলিয়েছে। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জামায়াত কি আওয়ামী লীগকে ঘৃণা করে না? আওয়ামী লীগ তো জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছে। তারপরও তারা আজ ফ্যাসিস্টদের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ জন্য যুবদলকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি মান্না, পৌর বিএনপির সদস্য মো. মহসিন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু ও সোলেমান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্যসচিব মহিউদ্দিন রাজু, নিজামুদ্দিন সুমন, স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম, ফারুক, সাইফুল ও রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পৌর যুবদলের সভাপতি বাহার উদ্দিন আগামী ২৭ ও ২৮ তারিখে জেলা ও উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানান। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মতভেদ ভুলে জিয়াউর রহমান, খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বরকত উল্যাহ বুলুর হাতকে শক্তিশালী করতে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করেন।
