প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৩১ পিএম
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির।
বক্তব্যে দুলু বলেন, আওয়ামী লীগ ১৭ বছর শাসনের নামে বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে অবস্থান করে দেশকে অশান্ত ও অকার্যকর করার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন শুরু করলে আওয়ামী লীগ সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে। আন্দোলনকে কেন্দ্র করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তাই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।
দুলু বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। এই মেয়াদে বিএনপি সরকার দেশ পরিচালনা করবে। পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সরকার ভালো কাজ করলে জনগণ আবার বিএনপিকে ভোট দেবে, আর খারাপ করলে অন্য দলকে নির্বাচিত করবে। জনগণের রায়ের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদের বিচারপ্রক্রিয়ার নামে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন। এ সময় তিনি আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
দুলু বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা ও নীরবতাকে পলাতক শেখ হাসিনা এবং তাঁর দলের নেতাকর্মীরা দুর্বলতা মনে করে বারবার ফিরে আসার কথা বলে ভীতি সৃষ্টির চেষ্টা করছেন। তবে দেশের মানুষ আওয়ামী লীগকে ভয় পায় না বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে দলটি বাড়াবাড়ি করলে জনগণ উপযুক্ত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন এবং জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ অন্য নেতারা।
