চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় চুরির ঘটনায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম হাসান (৩৯)।
আজ সকালে কালুরঘাট বিসিক শিল্প এলাকার আটগাছ তল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান হাসান নামের ওই ব্যক্তি বিসিক শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানে ঢুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধরে তাকে গণ পিটুনি দেয়। এসময় সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মার্গে পাঠিয়েছে৷
চমক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, কালুরঘাট বিসিক শিল্প এলাকা থেকে গণপিটুনিতে আহত হাসান নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য কালুরঘাট বিসিক শিল্প এলাকায় নিয়মিত চুরির ঘটনায় শিল্প মালিকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ইতোমধ্যে শিল্প মালিকরা পুলিশ কমিশনারসহ শিল্প পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করে চুরির বিষয়ে সহায়তা চেয়েছেন।
এছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় এমপিদের বৈঠকও করেছেন কালুরঘাট বিসিক শিল্পকারখানার মালিকরা।
চট্টগ্রাম নিউজ / আরএমকে/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
