Published on
:
1 min read
এই সময়, জয়পুর: রাজ্যের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী খালনার লক্ষ্মীপুজো সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। রবিবার সকাল থেকেই শ’য়ে শ’য়ে দর্শনার্থীর অভিমুখ ছিল খালনা গ্রাম।
সন্ধ্যার পরে বাগনান–জয়পুর রাস্তায় শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিল। ওই রাস্তার মহিষগলি এবং সাবগাছতলায় ‘নো এন্ট্রি’ হয়েছে। পুজো উপলক্ষে বড় মেলাও বসেছে। মেলাকে কেন্দ্র করে দর্শনার্থী ও সাধারণ মানুষের ভিড় সামলাচ্ছিলেন স্বেচ্ছাসেবক ও পুলিশকর্মীরা। সাধারণ পুলিশের পাশাপাশি, দুর্গা বাহিনীও মোতায়েন করা হয়েছিল।
শনিবার রাত থেকেই খালনার রাস্তা আলোকসজ্জায় সেজেছিল। খালনার এই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজোকে স্মরণীয় করে রাখতে স্থানীয় পুজো কমিটি এবং জেলা প্রশাসনের উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, আমতার বিধায়ক অমিত সামন্ত, বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ ছিল ড্রোন শো। খালনা আনন্দময়ী তরুণ সঙ্ঘের পুজো এবার ১৭ বছরে পড়ল। তাঁদের মণ্ডপের ভিতরে তৈরি করা হয়েছে ছোট জলাশয়। সেই জলাশয়ে শালুক ও পদ্মফুল রয়েছে। প্রতিমাটি স্বপ্নপরি। প্রতিমার হাতে রয়েছে পদ্মফুল।
পশ্চিম খালনা ‘আমরা সবাই’–এর পুজো ৪৮ বছরে পড়ল। গাছ আদিবাসীদের জীবনযাত্রার অবলম্বনে মণ্ডপটি হয়েছে। এখানে প্রতিমার বিশেষত্ব হলো, বনদেবীর অনুকরণে লক্ষ্মী। খালনা খুদিরায় তলায় লক্ষ্মীপুজোর আগে ব্রহ্মাপুজো অনুষ্ঠিত হয়েছে।
