মাগুরার শালিখায় পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ গাজী (৪২) ওই গ্রামের মোসলেম গাজীর ছেলে। তিনি কুয়েতপ্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই সিদ্দিক গাজী (৫০) ও মাসুদ গাজীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে জমিজমা নিয়ে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে বড় ভাই সিদ্দিক গাজীর লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে। খবর পেয়ে শালিখা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
