জহিরুল ইসলাম
ঝিকরগাছা যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় তালাকের তথ্য গোপন করে প্রবাসী স্বামীর বাসা থেকে প্রায় ৩৩ লাখ টাকার নগদ অর্থ ও মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে কনক আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে পৃথক দুটি মামলা করেছেন প্রবাসীর ভাই সাইদুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, মামলার একটিতে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি করা হয়েছে আত্মসাৎ করা অর্থ ও মালামাল উদ্ধারে সার্চ ওয়ারেন্ট জারির আবেদন জানিয়ে। মামলা দুটির নম্বর সিআর ৭৪৩/২৬ ও পি ৮৬৭/২৬।
মামলার নালিশি বিবরণী অনুযায়ী, প্রবাসী হাবিবুর রহমানের সঙ্গে কনক আক্তারের বিয়ে হয় ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ মার্চ তালাক দেওয়া হলেও বিষয়টি স্বামীর কাছে গোপন রাখা হয়। এ অবস্থায় কনক আক্তার দীর্ঘদিন প্রবাসীর বাসায় অবস্থান করেন।
অভিযোগে আরও বলা হয়, এ সময় বাসার চাবি, মোটরসাইকেলের কাগজপত্র, স্বর্ণালংকার, পোশাক, ইলেকট্রনিকস সামগ্রী ও ভাড়ার টাকাসহ বিভিন্ন সম্পদ মিলিয়ে প্রায় ৩৩ লাখ টাকার অর্থ ও মালামাল আত্মসাৎ করা হয়। এর ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভ্যানে করে বাসা থেকে মূল্যবান মালামাল ও নগদ অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
নালিশি বিবরণীতে উল্লেখ করা হয়, গত ২ অক্টোবর বাদী কনক আক্তারের বাড়িতে গিয়ে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তিনি তালাকের বিষয়টি জানান এবং আর ফিরে যাবেন না বলে বলেন। এ সময় বাদীপক্ষ পাওনা টাকা ও মালামাল ফেরত চাইলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
প্রবাসী হাবিবুর রহমান বলেন, “আমি যে প্রতারণার শিকার হয়েছি, এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে। আমি ক্ষতিপূরণসহ ন্যায়বিচার চাই।”
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে কনক আক্তার বলেন, এ ঘটনায় ঝিকরগাছা থানায় উভয় পক্ষের মধ্যে বসাবসি হয়েছিল। তিনি অর্থ ও মালামাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, মামলায় উল্লেখ করা ঘটনাগুলোর বিবরণ মিথ্যা।
The post করগাছায় তালাকের তথ্য গোপন করে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ appeared first on sokalerkhobor24.com.
