পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে আগেও একাধিকবার স্থানীয়ভাবে সালিস-বৈঠক হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজির পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম তানিয়া কামাল নিহাত (২০)। তিনি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামালের মেয়ে। আটক স্বামী নুর উদ্দিন (২৫) একই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার কাঞ্চন মিয়ার ছেলে।
পরিবারের স্বজনদের বরাতে জানা গেছে, তানিয়া ও নুর উদ্দিনের মধ্যে চার থেকে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের শুরুর দিকে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কিছুদিনের মধ্যে যৌতুক নিয়ে তাঁদের মধ্যে কলহ শুরু হয়। স্বজনদের অভিযোগ, যৌতুকের দাবি পূরণ না করায় তানিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
তানিয়ার বাবা মোহাম্মদ কামাল জানান, গত ঈদুল ফিতরে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন নতুন পোশাক ও বিভিন্ন উপহার দাবি করেছিলেন। রমজান মাসে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী উপহার দিয়েছিলেন। তবে সম্প্রতি আবারও পোশাক ও অতিরিক্ত যৌতুক দাবি করা হলে তা দেওয়া সম্ভব হয়নি। এরপর থেকে তানিয়ার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
মোহাম্মদ কামাল আরও জানান, এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হয়েছে। তবে তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার পর তানিয়ার স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
The post পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, যৌতুক নির্যাতনের অভিযোগে স্বামী আটক appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
