সাইবার হামলার আশঙ্কার মধ্যে বন্ধ রয়েছে সরকারের এক ঠিকানায় সরকারি সেবা দেওয়ার ওয়েবসাইট মাইগভ.বিডি। সাইটটি বন্ধ থাকায় বিভিন্ন সরকারি সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় একাধিকবার ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। এ সময় সাইটে ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা যায়। ব্রাউজার ও ক্লাউডফ্লেয়ার সচল থাকলেও হোস্ট সার্ভারে ত্রুটি দেখাচ্ছিল।
সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার খবর সামনে আসে। এসব ত্রুটিকে কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালানোর সুযোগ পেতে পারে।
এ পরিস্থিতিতে সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখে। নিরাপত্তাঝুঁকি মোকাবিলা এবং সার্ভারের সুরক্ষা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়।
নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া আরও কয়েকটি ওয়েবসাইট বন্ধ থাকার খবর পাওয়া গেছে। রোববার থেকে বেশিরভাগ ওয়েবসাইট সচল হতে শুরু করলেও সোমবার পর্যন্ত মাইগভ.বিডি বন্ধ থাকতে দেখা গেছে।
তবে সাইটটি বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
