কালবেলা · সাধারণ
খুলনায় প্রকাশ্যে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই
10/27/2026

খুলনায় সিগারেট কোম্পানির এক কর্মীকে গুলি করে তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে। এতে সালমান (২৩) নামে ওই কর্মী আহত হয়েছেন।
আহত সালমান নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের সবুজবাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম জাহাঙ্গীর। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে পিয়ন হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান তারা। ব্যাগে কী ছিল তা এখনো জানা যায়নি।
এদিকে, সহকর্মীরা সালমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি লোকমান হোসেন বলেন, গুলি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
মূল প্রতিবেদনে যান ↗