দেশের ঘরোয়া ক্রিকেটকে নতুনভাবে সাজাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারায় নতুন এক টুর্নামেন্ট নিয়ে এসেছে বোর্ড। যার নাম দেওয়া হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। আগামী ডিসেম্বরে মাঠে এই টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণ।
এর আগে আজ সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হলো নিলাম। টাকার অঙ্কের লড়াই বাদ দিয়ে পয়েন্টের ভিত্তিতে হওয়া এই নিলামে রেকর্ড গড়ে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে বিক্রি হয়েছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। এছাড়া দুই কোটির ক্লাবে নাম লিখিয়েছেন তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদ।
টাকার ঝনঝনানির চিরাচরিত নিয়ম ভেঙে বিসিবির এই টুর্নামেন্টে দল গড়ার লড়াই হয়েছে পুরোপুরি পয়েন্টের ওপর ভিত্তি করে। দলগুলোর পকেটে থাকা নির্দিষ্ট পয়েন্টের ওপর নির্ভর করেই পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নিলামের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শরিফুল ইসলাম। এই তারকা পেসারকে দলে ভেড়াতে বেশ লড়াই করতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। শেষ পর্যন্ত রেকর্ড ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করে শরিফুলকে নিজেদের করে নেয় সিটিজেন গ্রুপ। এছাড়া গতির তারকা তাসকিন আহমেদের দাম উঠেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তাকে লুফে নিয়েছে ওয়ালটন। আর ঠিক ২ কোটি পয়েন্ট খরচ করে মারকুটে ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে ফরচুন।
জাতীয় দলের অন্য তারকাদের দলে ভেড়াতেও ফ্র্যাঞ্চাইজিগুলোকে বড় অঙ্ক খরচ করতে হয়েছে। নাজমুল হোসেন শান্তকে দলে নিতে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট খরচ করতে হয়েছে ফরচুনকে। ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট খরচ করে পেসার হাসান মাহমুদকে দলে নিয়েছে ব্লুস্টার।
হাসান মাহমুদের সমান ১ কোটি ৯৫ লাখ পয়েন্টই দাম উঠেছে ওপেনার সাইফ হাসানের। অন্যদিকে, ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে দলে ভিড়িয়েছে ওয়ালটন।
সবচেয়ে চমক জাগানো বিষয় ছিল উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিকের দাম। সবাইকে অবাক করে দিয়ে তাকে দলে নিতে সিটিজেন গ্রুপ খরচ করেছে ১ কোটি ৭০ লাখ পয়েন্ট। এছাড়া ডানহাতি পেসার খালেদ আহমেদের দাম উঠেছে দেড় কোটি পয়েন্ট। সেভেন রিংস সিমেন্টে খেলবেন তিনি।
উল্লেখ্য, এবারের ডি থ্রি ট্রফিতে অংশ নিচ্ছে মোট ছয়টি দল—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লুস্টার। ২৭৫ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল। এর আগে ছয়টি দল, আইকন ক্রিকেটার হিসেবে ছয়জনকে বেছে নিয়েছিল।
টুর্নামেন্টের আগে আগেই নিশ্চিত হওয়া এই ৬ জন আইকন ক্রিকেটার হলেন—নুরুল হাসান সোহান (ব্লুস্টার), তাওহীদ হৃদয় (ফরচুন), মোসাদ্দেক হোসেন সৈকত (অ্যাকমি), মোহাম্মদ নাঈম শেখ (সিটিজেনস ব্যাংক), মুশফিকুর রহিম (সেভেন রিংস সিমেন্ট) এবং মেহেদী হাসান মিরাজ (ওয়ালটন)।