কক্সবাজার,২৬ অক্টোবর-কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান মোহাম্মদ রফিককে (৪০) আবারও গ্রেফতার করেছে পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
এর আগে গত শুক্রবার গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পাওয়ায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়। পরে ক্যাম্পে ফিরে সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করার সময় এপিবিএনের সদস্যরা তাঁকে আবারও গ্রেফতার করেন। এদিকে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে এপিবিএন।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইমরান ও মো. তৈয়ব। এপিবিএন সূত্রে জানা যায়, শনিবার রাতে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প থেকে ইসলামী মাহাজের প্রধান মোহাম্মদ রফিককে গ্রেফতার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও অপহরণসহ নানা অপরাধে জড়িত এসব গোষ্ঠীর কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। ফলে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই সব সময় চলতে থাকে। মাঝেমধ্যে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রফিক নিজেকে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ইসলামী মাহাজের প্রধান বলে স্বীকার করেছেন।
তাঁর দাবি অনুযায়ী, সংগঠনটির বাংলাদেশে প্রায় ৩০০ এবং মিয়ানমারে প্রায় ৪০০ সদস্য রয়েছে। এ ছাড়া সংগঠনের সদস্যদের কাছে ৯০টি আগ্নেয়াস্ত্র রয়েছে, যেগুলো মিয়ানমারের বিভিন্ন এলাকায় রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে বাংলাদেশে থাকা সদস্যদের কাছে অস্ত্র রয়েছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি অসংগতিপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এপিবিএনের ভাষ্য অনুযায়ী, রফিক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক কেনাবেচা, ভয়ভীতি দেখানো এবং অপহরণ করে গুম করার মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশের ধারণা, এসব কর্মকাণ্ড ক্যাম্পের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি তৈরি করতে পারে। পরে তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামী মাহাজের প্রধান মোহাম্মদ রফিককে গ্রেফতার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এস এম/ ২৬ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের গ্রেফতার ইসলামী মাহাজের প্রধান রফিক first appeared on DesheBideshe.