গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আগামীতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ। রাজপথের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে দলটি বর্তমান অবস্থানে এসেছে।
সোমবার (২৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের রাজনৈতিক পথচলার ভিত্তি তৈরি হয়। কোটা সংস্কারের আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান—প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে দলটির নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, ২০২১ সালে দল প্রতিষ্ঠার সময় ঘোষিত ২১ দফা কর্মসূচিতে রাষ্ট্র সংস্কারের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছিল। এর মধ্যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাব উল্লেখযোগ্য।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নুর বলেন, গণঅধিকার পরিষদকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এসব চেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালন দেখার জন্য অতীতে আন্দোলন-সংগ্রাম করা হয়নি। জুলাইয়ের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে বাধা দেওয়ার মতো কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, গুপ্ত সংগঠনগুলো দেশের অগ্রগতি চায় না।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের হাত ধরেই ২০২১ সালে গণঅধিকার পরিষদের জন্ম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দলটির দীর্ঘ ইতিহাস রয়েছে।
তিনি বলেন, আগামী দিনেও গণঅধিকার পরিষদ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সেলের আহ্বায়ক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, মহানগর উত্তরের সভাপতি আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর appeared first on ভোরের চেতনা.
