নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত সোমবার রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেয় তাকে।
এসব তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম।
তিনি জানান, শাকিল নিহত হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামানকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত শাকিল গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। তিনি উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে শাকিলের মৃত্যু হয়। এর আগে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।
গত ১৪ অক্টোবর রাতে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। নূর একাডেমির সামনে পৌঁছলে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন হেলমেট পরা দুই যুবক। শাকিল গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেয় দুর্বৃত্তরা। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাকে চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায় তারা।
স্থানীয়রা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।